কার্ড আটকে যাওয়ার ঝামেলা ছাড়াই এখন এটিএম থেকে টাকা তোলার সুযোগ তৈরি হয়েছে। দেশে প্রথমবারের মতো স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এটিএম সেবা চালু করেছে বেসরকারি খাতের City Bank।
নতুন এই প্রযুক্তিতে এটিএম বুথে কার্ড প্রবেশ করানোর প্রয়োজন হবে না। নির্ধারিত স্থানে এনএফসি-সমর্থিত কার্ড ট্যাপ করেই টাকা তোলা, জমা দেওয়াসহ বিভিন্ন ব্যাংকিং লেনদেন করা যাবে। এরপর পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে।
সিটি ব্যাংক জানিয়েছে, তাদের স্থাপিত এনএফসি প্রযুক্তির এটিএম থেকে দেশের যেকোনো ব্যাংকের গ্রাহক এই সুবিধা নিতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় অন্য ব্যাংকের গ্রাহকেরাও এসব এটিএম ব্যবহার করতে পারবেন।
সিটি ব্যাংক ইতোমধ্যে ৭০ থেকে ৮০টি এনএফসি-সমর্থিত এটিএম স্থাপন করেছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন বা পুরোনো মেশিন পরিবর্তনের সময়ও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
স্পর্শহীন এটিএম ব্যবহারে সবচেয়ে বড় সুবিধা হলো কার্ড আটকে যাওয়ার ঝুঁকি নেই। বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে প্রচলিত এটিএমে কার্ড আটকে গেলেও এনএফসি প্রযুক্তিতে কার্ড মেশিনের ভেতরে ঢোকাতে হয় না।
এ ছাড়া কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ ও চিপ বারবার মেশিনে প্রবেশ করানোর প্রয়োজন না থাকায় ক্ষয়ক্ষতির ঝুঁকিও কমবে। লেনদেনের সময়ও তুলনামূলকভাবে কম লাগবে।
ব্যাংক কর্মকর্তাদের দাবি, প্রচলিত এটিএমে ব্যবহৃত স্কিমিং ডিভাইসের মাধ্যমে কার্ডের তথ্য চুরির যে ঝুঁকি থাকে, এনএফসি প্রযুক্তিতে তা অনেকটাই কমে আসে।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছন্দে লেনদেনের সুবিধা দিতে নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এতে কার্ড মেশিনে প্রবেশ না করিয়েই নিরাপদে লেনদেন করা যাবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
