আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।
রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।
নতুন নির্ধারিত দরে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।
তবে পরবর্তী সময়ে দাম কমতে শুরু করে। মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ আগস্ট মাসে আবারও দাম বাড়িয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
বিষয় : অর্থনীতি জ্বালানি তেল জ্বালানি উড়োজাহাজ

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
