দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানি গ্যাসের তীব্র সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে জরুরি ভিত্তিতে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দিলেও সভায় আপাতত দুই কার্গো সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুসরণ করে আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড এলএনজির দুই কার্গো সরবরাহ করবে। এর মধ্যে আগামী ২৩-২৪ আগস্ট সরবরাহযোগ্য প্রথম কার্গোর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার। এ চালান আমদানিতে সরকারের ব্যয় হবে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।
দ্বিতীয় কার্গোটি আগামী ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের কথা রয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার। এ চালান আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।
এর আগে শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গত ১২ আগস্ট আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
এরই ধারাবাহিকতায় এবার নতুন করে আরও দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হলো।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
