বছরের পর বছর ধরে অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে ইতিমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহেই আমানত ফেরত স্কিম চূড়ান্ত করে ঘোষণা করবে, যার ফলে সরকারের অনুমোদন ও তহবিল ছাড় হওয়া মাত্রই গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এখন আমরা একটি স্কিম তৈরি করব, যেভাবে আমরা পাঁচ ব্যাংকের জন্য করেছিলাম এটি একই আদলে, অনুরূপ না। এটির জন্য আমরা স্কিম করব এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির পরেই এই স্কিমটা ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী যারা আমানতকারী তাদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।’
এই স্কিমের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানত রয়েছে এমন গ্রাহকরা ফেরত পাবেন পুরো অর্থ। আর ২০ লাখে প্রথম ধাপে পাবে ৯০ শতাংশ ৩০ লাখের আমানতকারীরা পাবেন ৮৫ শতাংশ অর্থ। টাকার পরিমাণ যত বাড়বে পরিশোধের শতাংশ তত কমতে থাকবে।
আরিফ হোসেন খান আরও বলেন, ‘এটা স্কিমের মধ্যেই পুরো টাইমলাইনটা উল্লেখ করা থাকবে, কারা পূর্ণাঙ্গ পাবে কারা আংশিক পাবে। যারা আংশিক পাবে তারা বাকি অংশ কবে পাবে, এবং আংশিক পেলে কত শতাংশ এখন পাবে, বাকি অংশ কবে পাবে-সবকিছু মিলেই একটা পূর্ণাঙ্গ স্কিম ঘোষিত হবে।’
বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, ‘যারা আমানতকারী আছেন তাদের যে অর্থ, এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটি যেভাবে করা সম্ভবপর, সেভাবে করে এগুলোকে অবসায়ন করার জন্য যে প্রক্রিয়া, সেটিকে শেষ করে আমাদের অর্থাৎ এই অদক্ষ প্রতিষ্ঠানগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।’
অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর সম্পদ বিবেচনায় অর্থ ফেরত পাবেন প্রাতিষ্ঠানিক আমানতকারীরা।
বিষয় : বাংলাদেশ ব্যাংক টাকা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
