সামিট এফএসআরইউ থেকে শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে
সামিট এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সামিটের মুখপাত্র জানান, বর্তমানে টার্মিনালটি প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করছে। শনিবার রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে টার্মিনালটির পূর্ণ সক্ষমতা দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।
তিনি বলেন, গ্যাস সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
তিনি বলেন, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, একই সঙ্গে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ আরও বাড়ানোর চেষ্টা চলছে।