একদিন পরই আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর পর শনিবার একই পরিমাণ দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা দরে বিক্রি হচ্ছে।