দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদনের একদিন পরই নতুন করে এই কার্গো কেনার সিদ্ধান্ত নেওয়া হলো।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এক কার্গো এলএনজি কেনা হবে।
এর আগে বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেয়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে এসব এলএনজি কেনার সিদ্ধান্ত হয়।
মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির পর দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়। গত ২১ জুলাই টার্মিনালটিতে আগুন লাগার পর কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।
প্রয়োজনীয় মেরামত শেষে বৃহস্পতিবার ভোররাত থেকে এক্সিলারেট এনার্জির ওই টার্মিনাল থেকে সীমিত পরিসরে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ অব্যাহত রেখেছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
