গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।আগামী ১১ ও ১২ আগস্ট সরবরাহের জন্য এই এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আগামী ১১-১২ আগস্ট সরবরাহের লক্ষ্যে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে।এদিকে একই সভায় গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ সাল থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি কেনার একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ায় সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিটি।