বিকডা জানিয়েছে, বেসরকারি আইসিডিগুলোতে জ্বালানিচালিত যন্ত্রপাতি ও পরিবহন কার্যক্রমে পরিচালন ব্যয় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে—এই জ্বালানি সারচার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার ডিজেলের দাম বাড়ানোর পর চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোতে (আইসিডি) বিভিন্ন কনটেইনার হ্যান্ডলিং ও পরিবহন চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে সংগঠনটি জানিয়েছে, সংশোধিত এই চার্জ ২১ সেপ্টেম্বর থেকেই কার্যকর করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার।
উল্লেখ্য, একই দিন থেকে কার্যকর হওয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, যা ১৭.৪ শতাংশ বৃদ্ধি।
বিকডা জানিয়েছে, বেসরকারি আইসিডিগুলোতে জ্বালানিচালিত যন্ত্রপাতি ও পরিবহন কার্যক্রমে পরিচালন ব্যয় বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে—এই জ্বালানি সারচার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বের পর্যালোচিত সর্বশেষ হারের ওপর আরোপিত এই ৯.৮৫ শতাংশ সারচার্জ মূলত—বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর ও আইসিডিগুলোর মধ্যে এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও আইসিডিগুলোর মধ্যে খালি কনটেইনার পরিবহন সেবা।
এছাড়া খালি কনটেইনার লিফট-অন (যানে তোলা) এবং লিফট-অফ (যান থেকে নামানো) চার্জের ক্ষেত্রেও এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হবে।
এই সারচার্জের আওতায় আরও রয়েছে– রপ্তানি পণ্য স্টাফিং ও হ্যান্ডলিং প্যাকেজ; যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে খালি ইয়ার্ড থেকে খালি কনটেইনার ওঠানো, কনটেইনার ফ্রেইট স্টেশন (সিএফএস) শেডে পরিবহন, রপ্তানি পণ্য স্টাফিং বা কনটেইনারে লোড করা, পণ্যবোঝাই কনটেইনার লোড ইয়ার্ডে নেওয়া এবং পরবর্তীতে চট্টগ্রাম বন্দর বা পিসিটিতে পৌঁছানো।
একই সাথে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার ওজন পরিমাপের বা ভিজিএম (ভেরিফায়েড গ্রস ম্যাস) চার্জও ৯.৮৫ শতাংশ বাড়ছে।
ভিজিএম প্যাকেজের মধ্যে রয়েছে লোড ইয়ার্ড থেকে বোঝাই কনটেইনার তোলা, তা ওজন মাপার স্কেলে নিয়ে যাওয়া, ওজন করা, পুনরায় লোড ইয়ার্ডে ফিরিয়ে নেওয়া এবং সেখানে রাখা।
এই বর্ধিত হার আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজ চার্জের ওপরও আরোপ করা হবে।
আমদানি ডেলিভারি প্যাকেজের মধ্যে রয়েছে— চট্টগ্রাম বন্দর বা পিসিটি থেকে আমদানি পণ্যবোঝাই কনটেইনার আইসিডিতে আনা, তা নামানো, আমদানি ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কনটেইনার থেকে পণ্য খালাস করে ট্রাকে তুলে দেওয়া।
বিকডা তাদের সদস্য আইসিডিগুলোকে সর্বশেষ পর্যালোচিত দরের ওপর এই ৯.৮৫ শতাংশ বৃদ্ধির বিষয়টি নিজ নিজ গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে।
দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ার ফলে— ব্যবসা-বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) খাতে পরিবহন এবং লজিস্টিকস ব্যয় নিয়ে যে নতুন চাপ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় আইসিডি মালিকদের এই সিদ্ধান্ত এল।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের সাথে সম্পৃক্ত প্রায় সব ধরনের আমদানি ও রপ্তানি কার্গো হ্যান্ডলিং পরিচালনা করে থাকে বিকডাভুক্ত এসব বেসরকারি আইসিডি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
