দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বিদ্যমান দুর্বলতার কারণে সম্ভাব্য সাইবার ঝুঁকি নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সতর্ক থাকতে হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়লেও অনেক বাণিজ্যিক ব্যাংক এখনো শক্তিশালী সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে পারেনি। ফলে সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের তথ্য-নিরাপত্তা অবকাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করতে হবে।
এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, ভুয়া তথ্য ও হয়রানিমূলক কনটেন্টের বিস্তার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও জানান, সরকারবিরোধী মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
